দুই অর্থমন্ত্রীর ভাবমূর্তি ভর করেছে নির্বাচনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাবমূর্তি ভর করছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী প্রয়াত সাবেক অর্থমন্ত্রীর ভাবমূর্তিতে ভর করে মেয়র প্রার্থী হওয়ায় তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান অর্থমন্ত্রীর প্রার্থী হিসেবে সমাদৃত হচ্ছেন সদ্য পদত্যাগী মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।সিলেটসহ দেশের চার সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ১৫ জুন। গত রোববার মেয়র পদে এ দুজন ছাড়াও বিএনপি-জামায়াত থেকে আরও চার নেতা মনোনয়নপত্র দাখিল করেন। তবে বর্তমান ও সাবেক অর্থমন্ত্রীর ভাবমূর্তির সঙ্গে কামরান-আরিফকে ঘিরেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে—ভোটারদের মধ্যে এমন আলোচনা শুরু হয়েছে। নাগরিকদের আড্ডা-আলোচনায় প্রার্থীদের চেয়ে বেশি উঠে আসছে সাবেক ও বর্তমান অর্থমন্ত্রীর নাম।২০০৮ সালে সিটি করপোরেশন নির্বাচনের সময় বদরউদ্দিন আহমদ কারাবন্দী ছিলেন। তাঁর অনুপস্থিতিতে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে পরিচালিত হয় নির্বাচন। বিজয়ী হওয়ার পর বদরউদ্দিন আহমদ বিভিন্ন সভা-অনুষ্ঠানে মুহিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারের নির্বাচন সামনে রেখে গত ২৬ এপ্রিল অর্থমন্ত্রী সিলেটে এসে নগর আওয়ামী লীগের কর্মিসভায় মেয়র প্রার্থী হিসেবে বদরউদ্দিন আহমদের নাম ঘোষণা করেন। এ ঘোষণার পরপরই শেখ হাসিনার সঙ্গে দেখা করে বদরউদ্দিন আহমদ আবার মেয়র প্রার্থী হওয়ার সম্মতি নিয়ে আসেন বলে দলীয় সূত্র জানায়।সাবেক অর্থমন্ত্রীর ভাবমূর্তি নিয়েই তাঁর প্রতিদ্বন্দ্বিতা—এ কথা জানিয়ে আরিফুল বলেন, ‘সাইফুর রহমানের আস্থাভাজন হওয়ার সুবাদে সে সময় আমি নগরে অসংখ্য উন্নয়নকাজ করেছি।’ বদরউদ্দিন আহমদ বলেন, ‘কোনো বিশেষ ব্যক্তি নয়, বরং দলের সবার অকুণ্ঠ সমর্থন রয়েছে আমার প্রতি।’সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মেয়র পদে আসল প্রতিদ্বন্দ্বিতা হবে সাবেক ও বর্তমান অর্থমন্ত্রীকে নিয়ে।’