দুই আ.লীগ নেতার দ্বন্দ্বের আগুনে ছাই ৩ বসতবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার মঠপাড়া গ্রামে আগুনে পুড়িয়ে যাওয়া একটি বসতঘর। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
কুষ্টিয়া সদর উপজেলার মঠপাড়া গ্রামে আগুনে পুড়িয়ে যাওয়া একটি বসতঘর। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

কুষ্টিয়া সদর উপজেলার মঠপাড়া গ্রামে গত বুধবার রাতে আগুনে তিনটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় দুই নেতার মধ্যে বিরোধের জেরে বাড়িতে এ আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, আগুনে মঠপাড়া গ্রামের শরিফুল ইসলামের বাড়ির তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। শরিফুলের বড় ভাই আবদুল কাদের স্থানীয় জিয়ারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাঁর সঙ্গে একই ইউনিয়নের মঠপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবজাল হোসেনের বিরোধ রয়েছে। গত ৫ ফেব্রুয়ারি মঠপাড়া গ্রামে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ব্যক্তি আবজাল হোসেনের সমর্থক ছিলেন। ওই হত্যাকাণ্ডের পর থেকেই আবদুল কাদেরের লোকজনের ওপর অত্যাচার চলছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে আওয়ামী লীগের নেতা আবজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
শরিফুলের স্ত্রী রোজিনা খাতুন সাংবাদিকদের বলেন, বুধবার রাতে ছেলেকে নিয়ে তিনি ঘরের ভেতরে শুয়ে ছিলেন। রাত আটটার দিকে হঠাৎ আগুন দেখে তিনি ছেলেকে নিয়ে দ্রুত ঘর থেকে বের হন। এ সময় তিনি কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। পরে খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই বাড়ির তিনটি ঘরে থাকা খাট, টেলিভিশন, ফ্রিজসহ সব আসবাব পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। র্যা ব ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলেই আছি। পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কীভাবে ঘটনা ঘটল, কারা ঘটাল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’