দুই আইনজীবীকে হয়রানির অভিযোগ করেছে জামায়াত
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতার দুই আইনজীবী আসাদ উদ্দিন ও শিশির মনিরকে হয়রানির অভিযোগ করেছে জামায়াত। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার অন্যতম আইনজীবী আসাদ উদ্দিনকে গতকাল ঢাকা থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার পথে গাড়ি থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আইনজীবী শিশির মনিরের বাসায় সন্ধ্যায় পুলিশ যায়। আগামী ২ নভেম্বর মুজাহিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানির তারিখ। ৩ নভেম্বর নিজামীর আপিল শুনানির তারিখ নির্ধারিত আছে। আইনজীবীদের এ ধরনের হয়রানি বিচারকাজে বাধা দেওয়ার শামিল।
বিবৃতিতে এর নিন্দা জানিয়ে হয়রানি বন্ধ করে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
রাত সাড়ে সাতটায় শিশির মনিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার মোহাম্মদপুরের বাসায় তেজগাঁও ও আদাবর থানার পুলিশ গিয়ে আমাকে খুঁজছে বলে শুনেছি। আমার গাড়ির চালককে আটক করেছে। কিন্তু পুলিশ কেন আমাকে খুঁজছে, আমি জানি না।’
তেজগাঁও থানা ও মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে জানানো হয়, তারা এ বিষয়ে কিছু জানে না। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তাঁদের কোনো ফোর্স মোহাম্মদপুরে যায়নি। তবে সেখানে ডিবির একটি দল গেছে বলে তিনি জেনেছেন।