দুই আদালত এক জায়গায় রাখার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবন একই স্থানে রাখার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ ঘোষণা দেন। এর আগে মন্ত্রী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের জন্য নতুন জায়গা পরিদর্শন করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ সেলিম ওসমান, শামীম ওসমান ও নজরুল ইসলাম। এ সময় সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনে আরা বাবলি, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ্ শেখ মো. জহিদুল হক, জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি, নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ কোর্ট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এক জায়গায়ই থাকবে। এখানে সমস্যা একটা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০ তলা ভবন নির্মিত হয়ে গেছে। যেহেতু ভবন নির্মিত হয়ে গেছে, এটার একটা বন্দোবস্ত আমাকে করতে হবে। এটা কাউকে হস্তান্তর করতে হবে বা এটা সম্পর্কে একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা এখানে কাজ শুরু করতে পারি।’

আইনমন্ত্রীকে উদ্দেশ করে শামীম ওসমান তাঁর বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ২০ থেকে ২২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের পড়াশোনার স্থান সংকুলান হয় না। এ ছাড়া তাদের ছাত্রাবাসটিও পরিত্যক্ত হয়ে গেছে। তাই নগরীর শায়েস্তা খান রোড এলাকায় নবনির্মিত ১০ তলা জুডিশিয়াল ভবনটি সরকারি তোলারাম কলেজে হস্তান্তর করা যেতে পারে।