দুই আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক ও বৈরী আচরণের অভিযোগ তুলে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই দুই বিচারক হলেন জেলা ও দায়রা জজ কিরণ শঙ্কর হালদার ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুমিনুন্নিছা খানম। এর মধ্যে জেলা জজের আদালত অনির্দিষ্টকাল ও জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত এক মাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম কে মোরাদুজ্জামানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত রোববার আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম মোসাদ্দেক ফেরদৌসীর সঙ্গে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুমিনুন্নিছা খানম অসৌজন্যমূলক আচরণ করেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে মুখ্য বিচারিক হাকিম আইনজীবী নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেন। কিন্তু জেলা জজ কিরণ শঙ্কর হালদার মীমাংসার উদ্যোগ বন্ধ করে দিয়ে উভয় পক্ষকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেন। কিরণ শঙ্কর হালদারের অনভিজ্ঞতা, অদক্ষতা, স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের কারণে বিচারঙ্গনে অচলাবস্থা বিরাজ করছে। এতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে গতকাল দুপুরে জরুরি সভায় তাঁদের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম মোসাদ্দেক ফেরদৌসী সভাপতিত্ব করেন।