দুই আবাসন কোম্পানির এমডিকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করায় রাজধানীর মণিপুরিপাড়ায় দুটি আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) গতকাল সোমবার বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।এর মধ্যে ইউরেকা হোমস লিমিটেডের এমডি আনোয়ারুল ইসলাম ভূঁইয়াকে ১৫ দিনের এবং কমফোর্ট লিভিং লিমিটেডের এমডি শফিকুল ইসলাম ভূঁইয়াকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।রাজউক সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে রাজউকের ভ্রাম্যমাণ আদালত ১৩৮, মণিপুরিপাড়ায় ইউরেকা হোমস লিমিটেডের নির্মাণাধীন ভবন পরিদর্শনে যান। আদালত দেখেন, নকশা অনুযায়ী চারদিকে রাস্তা ছাড়া হয়নি। ভবনের কলাম তৈরি করা হচ্ছে রাস্তার ওপরে। ভবনটির অনুমোদন ছিল পাঁচতলা, কিন্তু সামনে সাইনবোর্ডে লেখা ছিল ‘ছয়তলা ভবন’। আদালত ওই প্রতিষ্ঠানের এমডিকে ঘটনাস্থলে ডেকে এনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।বিকেল পাঁচটার দিকে আদালত ২৬/১ মণিপুরিপাড়ায় গিয়ে দেখেন, সেখানে সাততলা ভবনের অনুমোদন থাকলেও নির্মাণ করা হয়েছে আটতলা। ভবনের তিনদিকে জায়গাও ছাড়া হয়নি। ওই কোম্পানির এমডিকে ঘটনাস্থলে ডেকে আনার পর তিনি বলতে থাকেন, কয়েকজন মন্ত্রী-সাংসদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আছে। পরে তাঁর মুঠোফোন জব্দ করে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরে ওই দুই এমডিকে তেজগাঁও থানায় সোপর্দ করে।