দুই আবাসন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
প্রতারণার মাধ্যমে ফ্ল্যাট বিক্রির ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি আবাসন কোম্পানির দুই মালিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের উপসহকারী পরিচালক সোহানা আকতার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন—ইউনিটেক হোল্ডিংস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মালিক এস এম জাহিদুল ইসলাম এবং তাঁর ভাই ও প্রতিষ্ঠানটির পরিচালক এস এম সাজেদুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়েছে, অস্ট্রেলিয়া প্রবাসী জনৈক সুমন রহমান ২০১০ সালে রাজধানীর উত্তরায় ইউনিটেক সিডনি প্রকল্পে নির্ধারিত কিস্তিতে মোট ৮০ লাখ টাকা পরিশোধ করে এক হাজার ৬৬৮ বর্গফুটের একটি ফ্ল্যাট (ফ্ল্যাট নম্বর-২ /অ) কেনেন। ফ্ল্যাটটি নির্ধারিত সময়ে হস্তান্তরযোগ্য হলেও ডেভেলপার কোম্পানি এখন পর্যন্ত তা হস্তান্তর করেনি। প্রতিষ্ঠানটির এমডি এস এম জাহিদুল ইসলাম ও পরিচালক এস এম সাজেদুল ইসলাম পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে এ টাকা আত্মসাৎ করেছেন।
দুদকের অনুসন্ধানে এ সব অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৪০৬ / ৪২০ / ১০৯ ধারায় মামলাটি করা হয়।