দুই আম্পায়ারের কুশপুতুল পোড়ানো হলো আবারও
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার খেলায় বাজে আম্পায়ারিংয়ের অভিযোগে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষোভ জানিয়েছেন ক্রিকেটপ্রেমী ও শিক্ষার্থীরা। তাঁরা এ সময় ওই ম্যাচের আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের কুশপুতুল পুড়িয়েছেন।
কর্মসূচি ডেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট আহ্বান করে বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি নামের একটি সংগঠন। ফেসবুকভিত্তিক এই সংগঠনটিই খেলার আগের দিন ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে শোভাযাত্রা করেছিল।
গতকাল বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে আম্পায়ারদের কুশপুতুল পোড়ানো হয়। এর আগে প্রায় দুই ঘণ্টা সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। কয়েক শ বিক্ষুব্ধ ক্রিকেট সমর্থক এতে অংশ নেন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জীবন এস চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ক্রিকেট হেরেছে, খেলায় বাংলাদেশ হারেনি। তাদের ষড়যন্ত্র করে, অন্যায্যভাবে হারানো হয়েছে। তিনি ঘোষণা দেন, আগামী রোববার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে টাইগারদের ফুল দিয়ে ও রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো হবে।
এদিকে সাম্রাজ্যবাদবিরোধী দিবস উপলক্ষে বিকেলে একই স্থানে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সমাবেশ ও পতাকা মিছিল হয়। সমাবেশের সভাপতি সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম বলেন, ‘মার্কিন-ভারত আধিপত্য শুধু আমাদের রাজনীতি নয়, শিল্প-সাহিত্য এমনকি খেলার মাঠে জয়-পরাজয়কেও নির্ধারণ করছে।’
সমাবেশে কেন্দ্রীয় সহসভাপতি আল জাহিদ, সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, দপ্তর সম্পাদক কাঁকন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।