দুই আসনের দুই 'বিদ্রোহী' প্রার্থীর একসঙ্গে প্রচারণা
তাঁরা দুজনই আওয়ামী লীগের। তবে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে। তাঁদের নির্বাচনী আসন আলাদা হলেও প্রতীক এক, ফুটবল। তাই গত মঙ্গলবার একসঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁরা। এই দুই প্রার্থী হলেন সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) আওয়ামী লীগের সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক সোহেল ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে
‘বিদ্রোহী’ প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ। রফিকুল হক এবার আওয়ামী লীগের প্রার্থী সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অপর দিকে, আজিজুস সামাদ আজাদ আওয়ামী লীগের প্রার্থী এম এ মান্নানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজিজুস সামাদ দলের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তখন এম এ মান্নানকে মনোনয়ন দেয়। সুনামগঞ্জের এই দুই আসনের চারজন প্রার্থী জোরেশোরে প্রচারণায় নেমেছেন। সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন এবং সৈয়দ রফিকুল হককে নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল বুধবার জামালগঞ্জ উপজেলার ভীমখালী বাজারে একই প্রচারণা চালান সৈয়দ রফিকুল হক ও আজিজুস সামাদ। এই বাজারটি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ও জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হওয়ায় এখানে দুই নির্বাচনী এলাকার ভোটাররাই আসা-যাওয়া করেন। পরে দুই প্রার্থী একই সঙ্গে বাজারে সভা করেন এবং ফুটবলের পক্ষে ভোট চান।
পথসভায় দুই প্রার্থী ছাড়াও ধরমপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুর রহমান উপস্থিত ছিলেন। ইউসুফ আল আজাদ বলেন, ‘দুজনই আওয়ামী লীগের, প্রতীকও এক। তাই একই সঙ্গে প্রচারণা চালানো হলো। বিষয়টি ভোটাররা বেশ উপভোগ করেছেন।’