দুই আসামি আরও তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশানে সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় দুই আসামিকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ আদেশ দেন।আসামি সাইফুল ইসলাম ও রফিকুল ইসলামকে আট দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হয়। গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার ওবায়দুল হক তাঁদের আরও সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিরা ওই সৌদি নাগরিককে হত্যার ঘটনায় জড়িত মর্মে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত, তাদের বিষয়ে জানার জন্য আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। গত দুই দিনে আসামি আল আমিন ও আকবর আলী হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।গত ৪ জুন দক্ষিণখান থানার গাওয়াইর থেকে সাইফুল, আকবর ও আল আমিনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন তাঁদের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়।ওই মামলার রিমান্ডে থাকাকালে তাঁরা স্বীকার করেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর খিলক্ষেত থানার সেবা ক্লিনিকের মালিক আবুল হোসেনের বাসায় আসামি সাইফুল, আকবর, আল আমিন ও খোকন ডাকাতি করতে গিয়ে অন্যান্য মালামালের সঙ্গে রিভলবারটিও ডাকাতি করে আনেন। গত ৫ মার্চ দিবাগত রাতে ছিনতাই করতে গিয়ে বাধা দেওয়ায় তাঁরা সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীকে এ অস্ত্রটি দিয়েই গুলি করে হত্যা করেন। গত ৫ মার্চ রাত একটার দিকে গুলশানে নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।