দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামের সোয়াইদ হোসেনকে (৫) অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, মামলার ৮ নম্বর আসামি দুর্গাপ্রসাদ গ্রামের রাজু মিয়া ও ১০ নম্বর আসামি মঙ্গলেরগাঁও গ্রামের মোশারফ হোসেনকে গতকাল সন্ধ্যায় উপজেলার মেঘনাঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার (আজ) তাঁদের আদালতে হাজির করা হবে। তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ নিয়ে মামলার ১৩ আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ১ নম্বর আসামি নাসির উদ্দিন ও ৫ নম্বর আসামি আবদুল খালেককে এবং ২৭ ফেব্রুয়ারি ৯ নম্বর আসামি সুমন মিয়া ও ৭ নম্বর আসামি সালাম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বর্তমানে জেলহাজতে আছেন। প্রথম শ্রেণীর মাদ্রাসাছাত্র সোয়াইদকে ২০ ফেব্রুয়ারি অপহরণ করে দুর্বৃত্তরা। ২৬ ফেব্রুয়ারি তার লাশ মঙ্গলেরগাঁও গ্রামের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয়। এই ঘটনায় স্থানীয় ‘ভাগিনা গ্রুপের’ ১৩ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন সোয়াইদের বাবা মাসুম মিয়া।