দুই আসামি গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যাকাণ্ডের এক বছর পূর্তি হয়েছে আজ ১৭ ফেব্রুয়ারি। এই আলোচিত মামলার বর্তমানে সাক্ষ্য গ্রহণ চলছে হবিগঞ্জ জেলা জজ আদালতে। এ মামলার তিন আসামিকে এখনো গ্রেপ্তার ক​রতে পারেনি পুলিশ।

এ ঘটনাটি ঘটে গত বছরের ১৭ ফেব্রুয়ারি। ওই িদন সকাল আটটার দিকে বালু উত্তোলনকারী সুন্দ্রাটিকি গ্রামের শ্রমিক কাজল মিয়া ও আরও তিন-চারজন শ্রমিক গ্রামের পাশে কামাইছড়ায় বালু তুলতে যান। এ সময় কাজল মিয়া একটি টেকের (জমানো বালু) কাছে গিয়ে দেখেন, একটি শিশু আধা বালুচাপা দেওয়া অবস্থায় পড়ে আছে। এ দৃশ্য দেখে তিনি দৌড়ে নিখোঁজ তাজেলের বাবা আবদুল আজিজের কাছে যান। সুন্দ্রাটিকি থেকে এক কিলোমিটার দূরের কামাইছড়ায় শিশুর লাশ দেখার কথা জানান আজিজকে। ঘটনাস্থলে ছুটে যান নিখোঁজ পরিবারের সদস্যরা। আবদুল আজিজ পরনের প্যান্ট ও শার্ট দেখে ছেলে তাজেলকে শনাক্ত করেন। এভাবে একে একে উদ্ধার করা হয় চার শিশুর লাশ।

নিহত শিশুরা হলো হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। জাকারিয়া, তাজেল ও মনির সম্পর্কে চাচাতো ভাই। অপর শিশু তাদের প্রতিবেশী।

নিহত শিশুরা ওই বছরের ১২ ফেব্রুয়ারি গ্রামের পাশে পূর্ব ভাদেশ্বর গ্রামে ফুটবল খেলা দেখতে যায়। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় অভিভাবকেরা আশপাশে খুঁজতে থাকেন। ১৩ ফেব্রুয়ারি রাতে শিশু জাকারিয়ার বাবা ওয়াহিদ মিয়া বাহুবল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে এটি মামলায় রূপান্তরিত হয়। পুলিশ এ মামলায় গত বছরের ৫ এপ্রিল নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। তাতে পঞ্চায়েতের এক পক্ষের নেতা আবদুল আলী (৬০) ও তাঁর তিন ছেলে জুয়েল মিয়া (২০), রুবেল মিয়া (১৮) ও বিল্লাল মিয়া (৩০) এবং প্রতিবেশী হাবিবুর রহমান ওরফে আরজু (৪০), ছায়েদ আলী (৩২), উস্তার মিয়া (৩৮), বাবুল মিয়া (৪৫), বাচ্চু মিয়া (৩২)। অভিযোগে বলা হয়, গ্রামটি পঞ্চায়েত নিয়ন্ত্রিত। সম্প্রতি পঞ্চায়েতের নেতৃত্বে দুটি ভাগ হয়েছিল। পঞ্চায়েতের এক অংশের নেতৃত্বদানকারী আবদুল আলী ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নিতে এ শিশুদের হত্যা করেন। এই ৯ আসামির মধ্যে বাচ্চু মিয়া র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। উস্তার মিয়া ও বিল্লাল পলাতক আছেন।

নিহত শিশু মনিরের বাবা ও মামলার বাদী আবদেল মিয়া বলেন, যে গতিতে বিচার কার্যক্রম চলছে, তাতে তিনি ও তাঁর পরিবার খুশি। তবে আক্ষেপ এখনো তিন আসামি পলাতক থাকায়।

ইসমাইলের মা মিনারা বেগম বলেন, অপরাধদের ফাঁসি হলেই তিনি খুশি। তাজেলের মা আমেনা বেগম বলেন, এখনো সন্তানের কথা মনে হলে তিনি রাতে ঘুমাতে পারেন না। ছেলের চেহারা ভেসে ওঠে তাঁর চোখে।