পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরের আব্বাস আলী নামে এক ট্রাক্টরচালক হত্যা মামলায় গ্রেপ্তার করা দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন উপজেলার গোলাব্দীগছ গ্রামের শহীদুল ইসলাম ও বগুলাহাগি গ্রামের আবির হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুজনকে গতকাল সোমবার দুপুরে পঞ্চগড়ের আমলি আদালত-৫-এ হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানির পর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুন তাঁদের প্রত্যেকের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও তেঁতুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শহীদুল (২২) ও আবিরকে (২২) গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা আব্বাস আলীকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অধিকতর জিজ্ঞাসাবাদ এবং ঘটনায় আরও কারা জড়িত, তা জানার জন্যই ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।
উপজেলার শান্তিনগর এলাকার আব্বাস আলীর গলাকাটা লাশ ৭ মার্চ সকালে গোলাব্দীগছ এলাকার একটি বাঁশবাগান থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই আব্বাসের বাবা তবিবর রহমান বাদী হয়ে তেঁতুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।