দুই আসামি পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, আসামি সৈয়দ নাইম আহমদ আরিফ ও নাজিউর রহমান নাজুকে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্রে জানা যায়, রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সৈয়দ নাইম আহমদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, অপর আসামি নাজু তাঁর কাছ থেকে দুটি গ্রেনেড নেন। ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভাস্থল দিরাই বাজারে জগন্নাথ জিউর মন্দিরের কাছে নাজু একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। অপর গ্রেনেডটি অবিস্ফোরিত থাকে। মামলা তদন্তকালে অবিস্ফোরিত গ্রেনেড সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তখন আসামি নাজু পলাতক ছিলেন। মামলার অভিযোগপত্র দাখিলের পর নাজু গ্রেপ্তার হন। মামলাটি বিচারের জন্য সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলা চলাকালে প্রসিকিউশন অবিস্ফোরিত গ্রেনেডের বিষয়ে আদালতকে অবহিত করেন। পরে আদালত অধিকতর তদন্তের আদেশ দেন।২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলায় দুইজন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছিলেন। অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত।