দুই আসামি প্রাণভিক্ষা চেয়ে পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে ৩০ জানুয়ারি দুই বাংলাদেশির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দুই সহোদরসহ তিনটি পৃথক খুনের ঘটনায় এ শাস্তি কার্যকর হতে যাচ্ছে।বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, গত বছরের ২ মে সংযুক্ত আরব আমিরাতের রাসুল আল খাইমা নগরে চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনীয়া গ্রামের সহোদর মো. আইয়ুব (২৮) ও মো. তৈয়ব (২৫) খুন হন। চট্টগ্রামের আগ্রাবাদ দায়রা পাড়ার মো. হারুনুর রশিদ ঘুমন্ত অবস্থায় তাঁদের জবাই করেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে ২০০৯ সালের ১১ নভেম্বর ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফ গ্রামের জামাল উদ্দিন (২৬) সংযুক্ত আরব আমিরাতে খুন হন। একই গ্রামের শাহাব উদ্দিন ঘুমন্ত অবস্থায় তাঁকে তিন টুকরো করে হত্যা করেন বলে অভিযোগ। ঘটনার পরপরই পুলিশ এসব খুনের ঘটনার দুই আসামি মো. হারুনুর রশিদ ও সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। দেশটির আদালতে সম্প্রতি তাঁদের বিচার হয়েছে। আদালত তাঁদের শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের আদেশ দেন। বিষয়টি জেনে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে খুনিদের ক্ষমা করে দেওয়ার ব্যাপারে পরামর্শ দেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ফটিকছড়ি ইউএনওর কাছে পাঠানো হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত রোববার ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী ও ইউএনও অঞ্জনা খান মজলিশ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর কাছে তাদের মতামত জানতে চান। কিন্তু নিহতদের পরিবারগুলো খুনিদের ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। তারা মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে তা কার্যকরের পক্ষে মত দেন।নিহত আইয়ুবের স্ত্রী নুসরাত জাহান প্রথম আলোকে বলেন, ‘নির্দয়ভাবে খুন করা হয়েছে। ক্ষমার প্রশ্নই আসে না।’ নিহত জামালের বাবা মো. কামাল উদ্দিন বলেন, ‘ক্ষমা নয়। সংযুক্ত আরব আমিরাতে হত্যার বদলে শিরশ্ছেদকে স্বাগত জানাই।’ইউএনও অঞ্জনা খান মজলিশ বলেন, প্রাণভিক্ষার আবেদনের বিষয়টি ব্যর্থ হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হয়।