হবিগঞ্জের বাহুবল উপজেলার সুদ্রাটিকি গ্রামের চার শিশু হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আরজু মিয়া ও বশির মিয়াকে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদালত আরজু মিয়াকে সাত দিন ও বশির মিয়াকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে এ হত্যা মামলার অন্যতম আসামি সুদ্রাটিকি গ্রামের অটোরিকশাচালক বাচ্চু মিয়া গ্রেপ্তার, নাকি পলাতক—এ বিষয়টি স্পষ্ট করে বলছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চার শিশু হত্যার ঘটনায় ওই গ্রামের আরজু মিয়া ও বশির মিয়াকে গত শুক্রবার তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে ওই দিন তাঁদের আদালতে হাজির করে। আদালত এ বিষয়ে গতকাল শুনানির দিন ধার্য করেছিলেন। শুনানি শেষে হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতের বিচারক কৌশিক আহমদ খোন্দকার আরজু মিয়াকে সাত দিন ও বশির মিয়াকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার উপজেলার সুদ্রাটিকি গ্রামের পাশে একটি ছড়া থেকে জাকারিয়া শুভ (৯), তাজেল মিয়া (১১), মনির (৭) ও ইসমাইল হোসেন (৮) নামের চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। শুভ, তাজেল ও মনির সম্পর্কে আপন চাচাতো ভাই।
এ মামলায় গ্রেপ্তার আসামি জুয়েল গত রোববার এবং তাঁর ভাই রুবেল গত শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে জুয়েল এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি ছাড়াও তাঁর বাবা আবদুল আলী, ছোট ভাই রুবেল, বড় ভাই বিল্লাল, চাচাতো ভাই সায়েদ আলী, তাঁদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বাবুল মিয়া, প্রতিবেশী আরজু এবং অটোরিকশাচালক বাচ্চু মিয়া সরাসরি যুক্ত ছিলেন বলে উল্লেখ করেন। বাচ্চু মিয়া বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ওই শিশুদের অপহরণ করেন বলে আদালতে জবানবন্দিতে রুবেল ও তাঁর বড় ভাই জুয়েল উল্লেখ করেন।