দুই আসামি শরীফ ও মিন্টু পাঁচ দিনের রিমান্ডে
খুলনায় গ্যারেজকর্মী শিশু রাকিবকে হত্যার ঘটনার অন্যতম দুই আসামি শরীফ ও মিন্টু খানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার মহানগর হাকিম ফারুক ইকবাল এ আদেশ দেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, শরীফ ও মিন্টুকে জিজ্ঞাসাবাদে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই আসামির জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানায়, গণপিটুনিতে আহত শরীফ ও মিন্টু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল রোববার তাঁদের সুস্থতার ছাড়পত্র দেয়। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
এর আগে একই মামলার অন্যতম আসামি বিউটি বেগম গত শুক্রবার খুলনার মহানগর হাকিম আয়েশা আকতার মৌসুমীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ জানায়, নিজেকে সম্পৃক্ত করে জবানবন্দি দিয়েছেন বিউটি। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁকে সেখান থেকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
গত সোমবার বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের এক মোটরসাইকেলের গ্যারেজে নির্যাতন করে রাকিবকে (১২) হত্যা করা হয়। মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কাজে ব্যবহৃত কমপ্রেসর মেশিনের নল তার মলদ্বার ঢুকিয়ে বাতাস দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে সে মারা যায়।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরের টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তাঁর সহযোগী মিন্টু মিয়া এবং শরীফের মা বিউটি বেগমকে ক্ষুব্ধ জনতা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রাকিব হত্যা মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখায় পুলিশ।