দুই আসামিকে অব্যাহতি ডেথ রেফারেন্স খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় ব্যবসায়ী শামসুল হক ও তাঁর ছেলে রাসেল হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামিকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) খারিজ করে দিয়েছেন আদালত।বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই রায় দেন। নিম্ন আদালত এই মামলায় নয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন।রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ প্রথম আলোকে বলেন, আদালত আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ আবেদন খারিজ করে দিয়েছেন। দুই আসামি আপিল করেছিলেন। তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ খারিজ হওয়ায় নয়জন আসামিই অব্যাহতি পেলেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে যে দুই আসামি আপিল করেছিলেন, তাঁরা হলেন মো. আবদুর রহিম ও কাজী নূর কাইয়ুম। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক অপর সাত আসামি হলেন: মো. রফিকুল ইসলাম ওরফে কাজল, মো. সিরাজুল ইসলাম ওরফে ফারুক, মলয় সরকার ওরফে মলয়, ভুট্টো ওরফে আবু তালেব ভুট্টো, কামাল ওরফে নরসিংদী কামাল, মিন্টু, মিজান ওরফে মীর জন।আপিল করা দুই আসামির আইনজীবী শেখ মো. আলী বলেন, কারাগারে থাকা দুজনের আপিল মঞ্জুর করে আদালত তাঁদের অব্যাহতি দিয়েছেন।আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ২৬ মার্চ খুন হন শামসুল হক ও রাসেল। এ ঘটনায় নিহত শামসুল হকের স্ত্রী সুফিয়া খাতুন পরদিন সূত্রাপুর থানায় কাজল ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের ৬ এপ্রিল গ্রেপ্তার হন রহিম। ২০০৫ সালের ২৮ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এই মামলার রায়ে নয়জনকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর আসামি কাইয়ুম আদালতে আত্মসমর্পণ করেন এবং পরে আপিল করেন। ডেথ রেফারেন্স এবং ওই দুই আসামির আপিল হাইকোর্টের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ বেঞ্চে শুনানি হয়। গতকাল রায় ঘোষণা করা হয়।