যুবলীগের কেন্দ্রীয় নেতা ও খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলায় পুলিশের দেওয়া সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে দুই আসামিকে অব্যাহতি দেওয়ার বৈধতা নিয়ে গতকাল আদালতে পিটিশন দিয়েছেন মামলার বাদী।
অভিযোগপত্র থেকে অব্যাহতি পাওয়া মামলার আসামিরা হলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মিজানুর রহমান মিজান এবং যুবলীগের কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক এস এম মেজবাউল হোসেন বুরুজ।
মহানগর দায়রা জজ আদালতে বাদী তাঁর আবেদনে বলেন, দায়রা জজ আদালতে বিচার্য বিষয় নিয়ে নিম্ন আদালত কীভাবে সিদ্ধান্ত দেন? আবেদনে প্রথমবার দেওয়া অভিযোগপত্র বিবেচনায় নিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার করার প্রার্থনা করা হয়েছে।
২০০৯ সালের ১১ জুলাই শহীদ ইকবাল বিথার খুন হন। এ ঘটনায় বিথারের স্ত্রী রুনু রেজার বড় ভাই এস এম রফিউর রহমান বাদী হয়ে পরদিন খুলনা থানায় মামলা করেন।