চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বাসায় ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে খুনের মামলার আসামি মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ হাবিবকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ডবলমুরিং থানা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক তাঁদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
গত ২৪ মার্চ নগরের ডবলমুরিং আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের যমুনা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় দিনদুপুরে ঢুকে সায়মা নাজনীন (১৮) ও তার মা রিজিয়া খাতুনকে (৫০) খুন করা হয়। এ ঘটনায় ওই দিন রাতে সায়মার বাবা সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রেজাউল করিম বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় আবু রায়হানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন।