কিশোরগঞ্জে শিক্ষক আতিয়া জাহান হত্যা মামলার দুই আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে তাঁর স্বজন ও এলাকাবাসী মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন। গতকাল তাঁরা কিশোরগঞ্জে আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সূত্রে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার নিজ বাসা থেকে আতিয়ার (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন তাঁর মা রওশন আরা বাদী হয়ে সদর উপজেলার গোপদীঘি এলাকার ইউসুফ হায়দার, বত্রিশ এলাকার টিটু ও রাজীবকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। আসামিদের মধ্যে রিফাত কারাগারে আছেন। তবে ঘটনার ছয় মাস পরেও পুলিশ টিটু ও রাজীবকে গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে মানববন্ধন থেকে এই হত্যা মামলার ওই দুই আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
কিশোরগঞ্জ কার্যালয়ের পরিদর্শক (সিআইডি) শহিদুল ইসলাম খান দাবি করেন, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।