রাজশাহী বিশ্ব–বিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার পলাতক দুই আসামিকে ধরতে পুরস্কার ঘোষণা করে গতকাল শুক্রবার দুটি দৈনিক পত্রিকায় আসামিদের ছবিসহ বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ। পুলিশ বলছে, মামলার তদন্ত শেষ করার জন্য এই দুই আসামিকে গ্রেপ্তার করা দরকার।
পুরস্কার ঘোষিত আসামিরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শরীফুল ইসলাম ওরফে খালিদ এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনারহার গ্রামের মো. নজরুল হাসান ওরফে বাইক হাসান। শরীফুল ইসলামের বাবা আবদুল হাকিম। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। দৈনিক ইত্তেফাক ও দৈনিক জনকণ্ঠ পত্রিকায় গতকাল এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে পালিয়ে থাকা দুই আসামির ছবি ও পূর্ণ ঠিকানা দেওয়া হয়েছে। তাঁদের সম্পর্কে তথ্যদাতাদের পুলিশের পক্ষ থেকে এক লাখ টাকা করে পুরস্কৃত করা হবে।
পুলিশ জানিয়েছে, অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে শরীফুল ও নজরুলের সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক প্রথম আলোকে বলেন, পলাতক এই দুই আসামিকে পেলেই মামলার তদন্তকাজ শেষ করা যাবে।
গত ২৩ এপ্রিল নিজ বাসার কাছে খুন হন অধ্যাপক।