মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার আসামিদের মধ্যে দুজন আত্মসমর্পণ করেছেন। তাঁরা হলেন মামলার নয় নম্বর আসামি ইলিয়াস হোসেন (৪৫) ও তাঁর ছেলে ১০ নম্বর আসামি সোহেল রানা (২২)।
গতকাল রোববার দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে এই দুই আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন হাকিম ইমতিয়াজুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক ফাউঝুল কবীর গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ইলিয়াস হোসেন ও সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকায় হাকিম তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন।
মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় গত ২৩ জুলাই বিকেলে ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন (৩৫) তলপেটে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয় পেটের শিশুটিও। ওই রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাশিশুর জন্ম দেন নাজমা খাতুন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা শেষে মা ও শিশু মাগুরায় ফিরে এসেছে। ওই ঘটনায় গুলি ও বোমার আঘাতে আহত নাজমার চাচাশ্বশুর মমিন ভুঁইয়া (৬৫) মারা যান। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকি ইমামের চাচা।
এ ঘটনায় ২৬ জুলাই নিহত মমিন ভুঁইয়ার ছেলে রুবেল ভুঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী ও সমর্থক। চাঞ্চল্যকর এ মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ পর্যন্ত মামলার নয়জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. সোবহান. মো. সুমন, নজরুল ইসলাম, মো. সাগর হোসেন ও তাঁর ভাই মো. বাপ্পী, ফরিদ হোসেন, মো. লিটন ও তাঁর ভাই মো. মিল্টন এবং সেন সুমন। এ ছাড়া অন্যতম আসামি মেহেদী হাসান আজিবর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।