দুই আসামির আত্মসমর্পণ রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি গতকাল সোমবার নরসিংদীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে এক আসামির তিন দিন এবং অপর আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।আসামিরা হলেন আবদুল মতিন সরকার ও মিঞা মো. মঞ্জুর।আবদুল মতিন সরকার মেয়র লোকমান হত্যা মামলার ২ নম্বর আসামি, আর মিঞা মো. মঞ্জুর ১২ নম্বর আসামি। মামলার এজাহারে বলা হয়, মতিন সরকার হত্যার পরিকল্পনাকারী এবং মঞ্জুর লোকমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন।সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে আবদুল মতিন সরকার ও মিঞা মো. মঞ্জুর তাঁদের আইনজীবীদের নিয়ে মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আসাদুজ্জামান এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এ হাদীসহ প্রায় ২০ জন আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে তাঁদের জামিনের আবেদন করেন।আবেদনে বলা হয়, আবদুল মতিন সরকার দুবার পৌর চেয়ারম্যান ছিলেন, আর মিঞা মো. মঞ্জুর নরসিংদী সরকারি কলেজের ভিপি ছিলেন। তাঁরা লোকমান হত্যার সঙ্গে সম্পৃক্ত নন। তাঁদের উদ্দেশ্যমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে।এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম দুই আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। আবেদনে আশরাফুল ইসলাম বলেন, এ মামলার আসামি আশরাফুল সরকার আদালতে দেওয়া জবানবন্দিতে এ হত্যাকাণ্ডের সঙ্গে আবদুল মতিন সরকার সম্পৃক্ত রয়েছেন বলে তথ্য দিয়েছেন। পাশাপাশি মামলার এজাহারে মিঞা মো. মঞ্জুর মেয়র লোকমানকে গুলি করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তাই তাঁরা দুজনই এ মামলায় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে এ হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে আসবে।এ সময় বাদীপক্ষের আইনজীবী আসাদ আলী ও আসাদুজ্জামান আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করার আবেদন জানান।শুনানি শেষে আদালতের হাকিম নিতাই চন্দ্র সাহা আসামিদের জামিন নামঞ্জুর করে মতিন সরকারের তিন দিন এবং মিঞা মো. মঞ্জুরের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে আদালতে আত্মসমর্পণের আগে আসামি আবদুল মতিন সরকার পিপি ন ম রুহুল আমিনের কক্ষে অবস্থান করেন বলে অভিযোগ উঠেছে। তবে লোকমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি রুহুল আমিন এ অভিযোগ অস্বীকার করেছেন।