দুই আসামির আবার রিমান্ড চেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার শরিফুল ইসলামকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, শরিফুলকে এর আগে তিন দিনের রিমান্ডে আনা হয়েছিল, যা গতকাল শেষ হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার জ্যেষ্ঠ জুডিশিয়াল বিচারক মো. নাজমুল হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি হবে। তিনি বলেন, প্রথম দফার রিমান্ডে শরিফুলের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রাতে দিনাজপুরের কাহারোলে ইসকন মন্দিরে হামলা করে দুর্বৃত্তরা। ঘটনা শেষে পালিয়ে যাওয়ার সময় জনতা শরিফুল ইসলামকে ধরে ফেলে। পরদিন ভোরে বীরগঞ্জে একটি একে ২২ রাইফেলসহ মোছাব্বের নামে আরেক ব্যক্তিকে জনতা ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ জানিয়েছে, এই দুজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ—জেএমবির সদস্য।
একই রাতে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কে নতুন ভূষির বন্দর এলাকার তৃপ্তি ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া জুবায়ের ও আহসানুলের তিন দিনের রিমান্ড গতকাল শেষ হয়েছে। তাঁদের গতকাল আদালতে হাজির করে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করে কোতোয়ালি থানার পুলিশ। দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আহসানুল রেজা দুই আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে তদন্ত কর্মকর্তা এসআই আবদুল মালেক জানিয়েছেন।