চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতের হামলায় দুজন ভারতীয় নাগরিক আহত হওয়ার মামলায় অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুই আসামি।
গতকাল রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাদ্দেক মিনহাজের আদালতে দুই আসামি আরিফ হোসেন ও আরিফ হোসেন ওরফে জয় জবানবন্দি দেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে দুই আসামি বলেছেন, ডাকাতির ঘটনায় মোট ১১ জন অংশ নেন। বিদেশি নাগরিকদের গাড়িতে ডাকাতি করার কোনো পরিকল্পনা তাঁদের ছিল না। তাঁরা যে মাইক্রোবাসে ডাকাতি করেন, তাতে বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা তাঁদের জানা ছিল না।
৭ ডিসেম্বর সীতাকুণ্ড পৌর সদরের কলাবাড়িয়া এলাকায় একটি মাইক্রোবাসে ডাকাতদের হামলায় দুই ভারতীয় নাগরিক আহত হন। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই কামাল উদ্দিন বলেন, ডাকাতির পর লুট করা মালামালের ভাগ সহযোগীদের পরদিন দেবেন বলে গা ঢাকা দেন মূল হোতা। পরদিন অন্যরা ভাগ চাইলে ডাকাত দলের নেতা বলেন, পরে ভাগ দেওয়া হবে। তদন্তের স্বার্থে ডাকাত দলের নেতার নাম জানাতে চাননি এসআই।