দুই আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলার ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলামের হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া রনেল চাকমা ও জুনেল চাকমা খাগড়াছড়ির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল রোববার বেলা আড়াইটায় রনেল চাকমা ও জুনেল চাকমাকে আদালতে তোলা হয়। এ সময় তাঁরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তারেক মোহাম্মদ আবদুল হান্নান। পরে তাঁদের জেলখানায় পাঠানো হয়েছে।

নিহত নুরুল ইসলাম লংগদু উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করতেন। ১ জুন দুপুরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি লংগদু উপজেলা সদরে। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন সকালে রাঙামাটির লংগদুর চারটি গ্রামের দুই শতাধিক পাহাড়িদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া, বড়াদম ও বাত্যাপাড়া। ঘটনার সময় আতঙ্কে এসব গ্রামের শতাধিক পাহাড়ি পরিবার পালিয়ে আত্মীয়স্বজনের বাড়ি, মন্দির, বন, পরিত্যক্ত ঘর ও গাছতলায় আশ্রয় নেয়। ক্ষতিগ্রস্ত বেশির ভাগ পরিবার এখনো গ্রামে ফিরে যায়নি।

ওসি বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও দীঘিনালা পুলিশ গত শুক্রবার দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার দীঘিনালার মাইনী নদী থেকে নুরুল ইসলামের মোটরসাইকেলও উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অপর একজনকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।