দুই আসামির জামিন আবারও নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় দুই আসামির জামিন আবেদন গতকাল সোমবার আবারও নামঞ্জুর করেছেন রংপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত।
জেলার সহকারী সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর হোসেন বলেন, সোমবার মামলার পূর্বনির্ধারিত দিন ছিল। দুপুরে দুই আসামি হুমায়ুন কবির ওরফে হিরা ও রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লবকে আদালতে হাজির করা হলে আসামিদের পক্ষ থেকে আইনজীবী মোয়াজ্জেম হোসেন ও আবদুর রশিদ চৌধুরী জামিনের আবেদন করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলম আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে ৩০ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন।
হুমায়ুন কবির ওরফে হিরা কুনিও হোশির ব্যবসায়িক সহযোগী ছিলেন এবং রাশেদ-উন-নবী খান মহানগর বিএনপির সদস্য। গতকাল নিয়ে রাশেদ-উন-নবীর জামিন আবেদন তিনবার নামঞ্জুর করা হলো। হুমায়ুন কবিরের আবেদন নামঞ্জুর করা হয়েছে দুবার।
গত ৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। এর আগে এই হত্যা মামলায় হুমায়ুন কবির ওরফে হীরা ও রাশেদ-উন-নবী খান বিপ্লব নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। হুমায়ুন ছিলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী। আর রাশেদ-উন-নবী রংপুর মহানগর বিএনপির সদস্য।
কুনিও হোশি হত্যায় জড়িত সন্দেহে অস্ত্রসহ তিনজনকে গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁদের মধ্যে রাজীব (২৮) রংপুর শহরের শাহীপাড়ার বাসিন্দা। তিনি মহানগর যুবদলের সদস্য। বাকি দুজন নওশাদ ও কাজলের বাড়িও রংপুরে।