ফেনীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ওরফে আদেল ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। গতকাল বুধবার বিচারিক হাকিম দেওয়ান মো. সফি উল্যাহ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ১২ জানুয়ারি ওই দুই নেতা ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তখন তাঁদের কারাগারে পাঠান।
আসামিপক্ষের আইনজীবী গাজী তারেক আজিজ জানান, জাহাঙ্গীর কবির আদেল ও জিয়াউল আলমের জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরাম হত্যায় মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৩৩ জন। এর মধ্যে ১৬ জন অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।