দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মাইক্রোবাসে তুলে গারো তরুণীকে ধর্ষণের মামলায় দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১-এর সহকারী পরিচালক আজমিলা নাসরিন চৌধুরী গতকাল রোববার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।
কাল মঙ্গলবার অভিযোগপত্র আদালতে উপস্থাপন ও শুনানির দিন ধার্য করা হয়েছে। দুই আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ৯(৩) ধারায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
অভিযোগপত্রভুক্ত দুই আসামি হলেন একটি বায়িং হাউসের মাইক্রোবাসের চালক আশরাফ খান ওরফে তুষার ও জাহিদুল ইসলাম ওরফে লাভলু। এ মামলায় ১১ জনকে সাক্ষী করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, চলতি বছরের ২১ মে রাতে গারো ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে আসামিরা ওই অপরাধকর্ম করেন। তরুণীটি যমুনা ফিউচার পার্কের একটি দোকানে কাজ করতেন। ওই ঘটনায় ২২ মে ভাটারা থানায় মামলা করা হয়। ২৬ মে আসামি আশরাফ ও ২৭ মে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, ১৭ মে আশরাফ দুই বিদেশিসহ যমুনা ফিউচার পার্কের একটি দোকানে যান। সেখানে ওই তরুণী কাজ করতেন। আলাপের একপর্যায়ে আশরাফ তাঁকে চাকরির প্রলোভন দেখান। ২১ মে রাত নয়টার দিকে ওই তরুণী কাজ শেষে বাসায় ফেরার জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। এ সময় সড়কে মাইক্রোবাসের সামনে দাঁড়িয়ে ছিলেন আশরাফ ও জাহিদুল। আশরাফ ওই তরুণীর গন্তব্য জানতে চান। তরুণী উত্তরা যাবেন বলে জানান। আশরাফ তাঁকে মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়ার কথা বললে তরুণী রাজি হননি। তখন তাঁরা জোর করে তরুণীকে মাইক্রোবাসে তোলেন। তরুণীকে মাইক্রোবাসে তোলার পর জাহিদুল মাইক্রোবাস চালাতে শুরু করেন। আশরাফ তরুণীকে মেরে ফেলার হুমকি দিয়ে প্রথমে ধর্ষণ করেন। পরে আশরাফ চালকের আসনে বসে মাইক্রোবাস চালান এবং জাহিদুল ধর্ষণ করেন।
অভিযোগপত্রে বলা হয়, দুই আসামিই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে মিল না থাকায় র্যাব তদন্তকালে নতুন করে তাঁদের জবানবন্দি নেয়। মামলার এজাহারে পাঁচজনের কথা উল্লেখ করা হলেও র্যাবের তদন্তে দুজনের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।