দুই আসামির মৃত্যুদণ্ড, একজনের সাত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলে হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড ও অপরজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী গতকাল মঙ্গলবার সকালে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন আবুল হোসেন ওরফে কসাই কাশেম ও দুলাল হোসেন। আর সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বাবুল হোসেন। তিনজনের মধ্যে দুলাল হোসেন পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০১১ সালের ৫ মার্চ বিকেলে আড়াইহাজার উপজেলার দড়িগাঁও এলাকায় ২৫-২৬ বছরের অজ্ঞাতপরিচয় এক নারী তাঁর ছয় বছরের ছেলেকে সঙ্গে নিয়ে সাহায্য চাইতে আসেন। আসামি কাশেম ও বাবুল হোসেন ১০ টাকা সাহায্য দেন। একপর্যায়ে তাঁরা ওই নারীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি তিনি স্থানীয় একটি প্রকল্পের কর্মকর্তা দুলাল হোসেনকে বলে দেন। দুলাল বিষয়টি প্রকাশ করে দেওয়ার হুমকি দেন। কিন্তু তিনি একটু দূরে চলে গেলেই কাশেম গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করেন। এরপর শিশুটির কান্নাকাটি শুনে ঘটনাস্থলে এগিয়ে আসেন দুলাল। নিজের এলাকায় খুন হওয়ায় ফেঁসে
যেতে পারেন, এমন ভয় পান দুলাল। তিনি তখন কোদাল দিয়ে আঘাত করে শিশুটিকে খুন করেন। এরপর তিনজনে মিলে লাশ দুটি দড়িগাঁও কবরস্থান এলাকার একটি পুরাতন গর্তে চাপা দিয়ে রাখেন।
আসামি বাবুল গ্রেপ্তার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দেন ও অপর দুই আসামির নাম প্রকাশ করেন। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল এই রায় দিলেন।