বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক দেওয়ান রাহাত করিম মুকুলকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বিচারপতি মো. আবদুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ রায় দেন। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. কামাল পারভেজ, সগীর হোসেন ও মো. লুৎফর রহমান। মো. মনিরুজ্জামান বলেন, মোশাররফ হোসেন ও লিটন মল্লিককে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড এবং মুক্তার হোসেন ও জাহাঙ্গীরকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আলাল খালাস পেয়েছেন।
২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর রাতে অটোরিকশায় বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে মারা যান মুকুল (৩৬)। এ ঘটনায় পুলিশ গুলশান থানায় মামলা করে। পরে অটোরিকশাচালক আলাল, মোশাররফ, মুক্তার ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ২৬ এপ্রিল অভিযোগপত্র দেওয়া হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ ২০০৯ সালের ২৯ জুলাই মোশাররফ ও লিটনকে মৃত্যুদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায়ের পর লিটন আত্মসমর্পণ করেন।