দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা কাজী আরেফ আহমেদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ দণ্ডাদেশের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে ওই দুজনের করা আবেদন খারিজ করে দেন।
কারাগারে থাকা ওই দুই আসামি হলেন রাশেদুল ইসলাম ওরফে ঝন্টু ও আনোয়ার হোসেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ আর এম হাসানুজ্জামান।
রায়ের পর মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, ‘রিভিউ আবেদন খারিজ হওয়ায় ওই দুই আসামির ক্ষেত্রে মামলাটির পরিসমাপ্তি হলো। সব মিলিয়ে নয়জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকছে। এখন ওই দুই আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরে আইনগত বাধা নেই।’
খন্দকার মাহবুব হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, একই ঘটনায় এবং একই ধরনের সাক্ষ্যের ওপর নির্ভর করে বিচারিক আদালত ১০ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। হাইকোর্টে একজন মৃত্যুদণ্ড থেকে খালাস পান। এসব যুক্তিতে ওই দুজনের দণ্ড কমানোর জন্য রিভিউ করা হলে তা খারিজ হয়েছে।
১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাসদের সমাবেশে সন্ত্রাসীরা গুলি চালালে কাজী আরেফ আহমেদসহ পাঁচজন নিহত হন। নিহত অপর চারজন হলেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, দলের স্থানীয় নেতা ইসরাইল হোসেন ও শমসের। ওই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইসহাক আলী বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন।
এই হত্যা মামলায় ২০০৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়ার ১ নম্বর অতিরিক্ত দায়রা জজ ফজলুর রহমানের আদালত ১০ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) শুনানির জন্য হাইকোর্টে আসে। দণ্ডাদেশের বিরুদ্ধে কারাবন্দী আসামিরা আপিল করেন। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০০৮ সালের ৫ আগস্ট হাইকোর্ট রায় দেন। হাইকোর্ট নয়জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক আসামিকে এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ১২ আসামিকে হাইকোর্ট খালাস দেন।
আইনজীবী সূত্র জানায়, খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তিনটি লিভ টু আপিল করে। মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকা নয়জনের মধ্যে রাশেদুল ইসলাম, আনোয়ার হোসেন ও ইলিয়াস ওরফে এলাচ পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। লিভ টু আপিলের শুনানি শেষে ২০১১ সালের ৭ আগস্ট আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করেন। পরে রাশেদুল ও আনোয়ার রিভিউ আবেদন করলে ২০১২ সালের ১৭ এপ্রিল আপিল বিভাগ রায় স্থগিত করেন। রিভিউ আবেদনের শুনানি শেষে গতকাল তা খারিজ করেন আপিল বিভাগ।