দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাট উপজেলায় স্কুলছাত্রী স্বপ্না বেগম (১৬) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কানাইঘাট উপজেলার কেওড়া গ্রামের মোস্তাক আহমদ (৩১) ও ইসমাইল আলী (৩১)। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি উপজেলার ভঙ্গিছড়া গ্রামের মো. মড়াই মিয়া ও দর্পণনগর গ্রামের হামদু মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্বপ্নাকে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন মোস্তাক ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় গ্রাম্য সালিস বৈঠকে মোস্তাককে ভর্ৎসনা করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৭ সালের ২১ জুন বেলা দেড়টার দিকে স্বপ্না বেগমকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে পাশের এক টিলায় গলা কেটে হত্যা করেন মোস্তাক ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় স্বপ্নার বাবা আকদ্দছ আলী বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন।