দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি মেয়েটিকে অপহরণের দায়ে তাঁদের ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন অপর একজন। গতকাল সোমবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই রায় হয়।

 দণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন বানিয়াচং উপজেলার জসিম মিয়া (২২) ও নুরুল আমিন (২৩)। খালাস পাওয়া ব্যক্তি হলেন একই উপজেলার রুহেনা আক্তার (৩০)। রায় ঘোষণার সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৪ এপ্রিল সন্ধ্যার দিকে বানিয়াচং উপজেলার একটি বাড়ি থেকে ওই কিশোরীকে (১৪) তুলে নিয়ে যান জসিম ও নুরুল। তাকে অপর আসামি রুহেনার বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ৫ এপ্রিল বানিয়াচং থানায় ধর্ষণের মামলা হয়।

সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন গতকাল এই মামলার রায় ঘোষণা করেন।

দুই আসামি জসিম ও নুরুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ ধারা মোতাবেক ধর্ষণের অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় বিচারক তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একই মামলায় ওই আইনের ৭ ধারা মোতাবেক অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের ১৪ বছর করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। তবে মামলার অপর আসামি রুহেনা বেগমের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।

মামলার বাদী মেয়েটির বড় বোনের স্বামী বলেন, এই রায়ে তাঁরা খুশি। তবে রুহেনা আক্তার কোনোভাবেই নির্দোষ নন। তাঁকে খালাস দেওয়ার বিরুদ্ধে তাঁরা আপিল আবেদন করবেন।