চট্টগ্রামে নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির সুরক্ষিত এলাকার দুটি মসজিদে আত্মঘাতী বোমা (গ্রেনেড) হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুজনকে আবারও জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম আলী ইমরান খান গতকাল বুধবার বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন ঈসা খাঁ ঘাঁটির সাবেক বলকিপার আবদুল মান্নান ও রমজান আলী।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না।
মামলার তদন্ত কর্মকর্তা ইপিজেড থানার পরিদর্শক তদন্ত জাবেদ মাহমুদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে তিন দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এ ঘটনায় অন্য আসামিদের সম্পর্কে তাঁরা বিস্তারিত কোনো তথ্য দিচ্ছেন না। এ জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করতে আবারও রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হওয়ায় কয়েক দিনের মধ্যে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।
২০১৫ সালের ১৮ ডিসেম্বর নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটির ভেতরে দুটি মসজিদে জুমার নামাজের সময় ১০ মনিটের ব্যবধানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটি হামলায় সামরিক-বেসামরিক লোকসহ ২৪ জন আহত হয়। বোমা হামলার নয় মাস পর গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন।
মামলায় নৌবাহিনীর সাবেক সদস্য এম সাখাওয়াত হোসেন, ঈসা খাঁ ঘাঁটির সাবেক বলকিপার আবদুল মান্নান, রমজান আলী ও বাবলু ওরফে রনিকে আসামি করা হয়। অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও অনেককে। আসামিদের মধ্যে আবদুল মান্নান ও রমজান আলী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। বাকি দুজন পলাতক। মামলাটি বর্তমানে ইপিজেড থানার পুলিশ তদন্ত করছে।