পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।
দুই আসামি হলেন আবু নছর ওরফে গুন্নু ও শাহজামান ওরফে রবিন।
৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মাহমুদা খুনের মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানিকালে আদালতকে জানানো হয়, খুনের আগে মাহমুদার পিছু নেওয়া যুবকের সঙ্গে গ্রেপ্তার শাহজামানের চেহারার মিল রয়েছে। পুলিশের সংগ্রহ করা ভিডিও ফুটেজে এই দৃশ্য দেখা গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত লোকজনকে গ্রেপ্তারের জন্য তাঁকে ও অপর আসামি আবু নছরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গ্রেপ্তার আবু নছরও ঘটনাস্থলের আশপাশে ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আলোচিত এই খুনের ঘটনার অনেক রহস্য উদ্ঘাটিত হতে পারে।
আসামি শাহজামানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে আবু নছরের পক্ষে একাধিক আইনজীবী ছিলেন। তাঁরা এই ঘটনায় তাঁর (আবু নছর) সম্পৃক্ততা নেই উল্লেখ করে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। একটি মাজার নিয়ে বিরোধের কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে বলে আদালতকে জানান আইনজীবীরা।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে সাংবাদিকেরা দুই আসামির সঙ্গে কথা বলার চেষ্টা করলে পুলিশ কাউকে কাছে ভিড়তে দেয়নি। গত বুধবার আবু নছরকে হাটহাজারীর ফরহাদাবাদ এবং শাহজামানকে গত শুক্রবার বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা এলাকা থেকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তদন্ত কর্মকর্তা পরিবর্তন: চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মো. ইকবাল বাহারের নির্দেশে গত শনিবার রাতে মাহমুদা হত্যার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। হত্যার পর থেকে মামলাটির তদন্ত করছিলেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী রাকিব উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মামলার তদন্তের গতি আরও বাড়ানোর জন্য পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
নতুন তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন। এর বেশি কিছু তিনি বলতে চাননি।
তদন্তে পাঁচ কমিটি: নগর পুলিশ কমিশনারের নির্দেশে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি তদন্তকাজে সহায়তা দেবে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) নাজমুল আলমের নেতৃত্বে আসামিদের গ্রেপ্তারে অভিযান, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) হুমায়ুন কবিরের নেতৃত্বে আসামিদের জেরা ও জিজ্ঞাসাবাদ, অতিরিক্ত উপকমিশনার (কোতোয়ালি অঞ্চল) শাহ মুহাম্মদ আবদুর রউফের নেতৃত্বে জঙ্গিদের মামলার নথি পর্যালোচনা, ভিডিও ফুটেজ পর্যালোচনায় নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (আইটি) জাহাঙ্গীর আলম এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য অতিরিক্ত উপকমিশনার (উত্তর) কাজী মুত্তাকী ইবনু মিনানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি কমিটিতে সর্বনিম্ন পাঁচ থেকে নয়জন করে সদস্য রয়েছেন। নগর পুলিশের দক্ষ কর্মকর্তাদের এ দলের সদস্য রাখা হয়েছে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ পাঁচটি কমিটি গঠনের বিষয় প্রথম আলোকে নিশ্চিত করেন।