ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় গতকাল বুধবার দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ১০ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে গতকাল মামলার সাক্ষী জাহিদ হোসেন বাপ্পি ও মো. সোহেল সাক্ষ্য দেন। তাঁরা ফেনী শহরের একাডেমি এলাকার বাসিন্দা।
আসামিপক্ষের আইনজীবী হাসান মাহমুদ, মেজবাহ উদ্দিন খান, আহসান কবীর বেঙ্গলসহ অন্য আইনজীবীরা দুই সাক্ষীকে দীর্ঘ সময় ধরে জেরা করেন।
আসামিপক্ষের আইনজীবী আহসান কবীর বেঙ্গল বলেন, জেরার সময় দুই সাক্ষী বলেছেন, তাঁরা একরাম হত্যাকাণ্ডের ঘটনা দূর থেকে দেখেছেন, কিন্তু কোনো হামলাকারীকে চিনতে পারেননি।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, একরাম হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত ৫৬ আসামির মধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন জামিনে আছেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।