চট্টগ্রাম নগরের রউফাবাদ এলাকায় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি।
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মো. ইয়াছিন ও মো. মনসুর গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকনের আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন।
গত মঙ্গলবার রাতে মো. ইয়াছিন ও তাঁর বন্ধু মো. মনসুরকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
৫ মার্চ রাতে রউফাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে এক প্রবাসীর স্ত্রী পারভীন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে বাসার শৌচাগারে আটকে রেখে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। হত্যাকাণ্ডের পর ফ্ল্যাট থেকে চার ভরি সোনা ও ছয় হাজার টাকা খোয়া যায়। ঘটনার দুই দিন পর গৃহবধূর স্বামী নুরুল আলম অজ্ঞাতপরিচয় তিন যুবককে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে ওই বাসার সাবেক প্রহরীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বলেন, নিহতের ভাশুর শুক্কুর বাসার সাবেক প্রহরী ইয়াছিনকে ২০১১ সালে দুবাইতে নিয়ে যান। ওই সময় ইয়াছিন তাঁর ছোট ভাই ইউসুফকে ওই বাসার প্রহরীর কাজ দেন। কিছুদিন পর ইয়াছিনের ছোট ভাই চাকরি ছেড়ে চলে যান। বিষয়টি নিয়ে দুবাইতে শুক্কুরের সঙ্গে ইয়াছিনের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে ইয়াছিন শুক্কুরের দোকানের চাকরি ছেড়ে দেন। ২০১৩ সালে ইয়াছিন দেশে ফিরে আসেন। এরপর শুক্কুরের পরিবারের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি। প্রথমে নিহতের স্কুলপড়ুয়া ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন। বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তাঁর বন্ধু মনসুর, ইছহাক ও রানার সঙ্গে পরামর্শ করে পারভীনের বাসায় ঢুকে টাকা ও মালামাল লুটের পরিকল্পনা করেন। এই টাকা দিয়ে পরে শুক্কুরকে ফাঁসানোর চেষ্টার পরিকল্পনা ছিল।
বাবুল আক্তার আরও বলেন, গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, ঘটনার দিন পারভীনের ফ্ল্যাট থেকে বাসার গৃহশিক্ষক বের হওয়ার আগে তাঁরা সিঁড়ি ও ছাদে ওত পেতে থাকেন। গৃহশিক্ষক বের হওয়ার পরপরই তাঁরা দরজা খোলা পেয়ে বাসায় ঢুকে পড়েন। শ্বাস রোধ করে পারভীনকে খুন করার ইচ্ছা তাঁদের ছিল না। তবে ওড়না পেঁচিয়ে ধরায় তিনি মারা যান। মূলত টাকা ও সোনা লুটের জন্য তাঁরা বাসায় ঢুকেছিলেন। কিন্তু আশানুরূপ টাকা ও সোনা পাননি। ঘটনার পরদিন তাঁরা সোনাগুলো রাউজানে নিয়ে বিক্রি করে দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, প্রবাসীর স্ত্রী খুনের মামলায় গ্রেপ্তার দুই আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।