নওগাঁ সদর উপজেলার চকপাঁচী গ্রামে জোড়া খুনের ঘটনার মামলার আসামি মুক্তার হোসেন ও শওকত হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বৃহস্পতিবার তাঁরা নওগাঁ মুখ্য বিচারিক হাকিম আদালতে এ জবানবন্দি দেন।
১৬ নভেম্বর রাতে খুন হন নওগাঁ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অহিদুল ইসলাম (৪০) ও তাঁর ছোট ভাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি শাহীনুল ইসলাম (৩৮)। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্বশত্রুতার জের ধরে তাঁদের খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে। নিহত দুজন চকপাঁচী গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। পরের দিন ১৭ নভেম্বর নিহত দুজনের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
জবানবন্দিতে মুক্তার হোসেন ও শওকত হোসেন জানান, নওগাঁর ফয়েজ উদ্দীন কলেজের সামনে প্রতিপক্ষের লোকজন তাঁদের পক্ষের রাজ বাবুকে মারধর করেন। এ কারণে তাঁরা শাহীনুলকে হত্যার পরিকল্পনা করেন। হত্যাকাণ্ডে ১৫-১৬ জনের একটি দল অংশ নেয়। তাঁরা দুজনে সক্রিয়ভাবে জড়িত থেকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান, আটজন আসামিকে দুই দিনের রিমান্ডে এনে এবং র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আসামি শওকত হোসেনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে মুক্তার ও শওকত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁরা এখন কারাবন্দী রয়েছেন। অল্প সময়ের মধ্যে অন্য আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে।