জয়পুরহাট শহরের সবুজনগর এলাকার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩২) হত্যা মামলার আসামি সাকিল হোসেন ও রবিউল ইসলাম গত রবি ও গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাঁদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, সাকিলকে রোববার ভোরে ঢাকা থেকে ও রবিউলকে গতকাল সোমবার নীলফামারীর ডিমলা থেকে গ্রেপ্তার করে জয়পুরহাট থানায় নিয়ে আসা হয়। সাকিল রোববার পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে স্বেচ্ছায় তিনি জয়পুরহাট অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ইকবাল বাহারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ডিমলা পুলিশের সহায়তায় গতকাল সকালে রবিউলকে গ্রেপ্তার করা হয়। রবিউলও গতকাল বিকেলে একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
১৯ সেপ্টেম্বর ভোরে শহরের সবুজনগর এলাকার জয়পুরহাট-পাঁচুরচক সড়কের দক্ষিণ পাশের একটি জমি থেকে তরিকুলের লাশ উদ্ধার করা হয়।