দুই আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন মালিক হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া অধ্যাপক আলী হোসেনের গাড়িচালক মাসুদ মল্লিককে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভাষানটেক থানার এসআই আশিক ইকবাল গতকাল গাড়িচালক মাসুদকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আর দুই আসামি সাইফুল ফকির ওরফে সায়েদ ও সুজনের জবানবন্দি নেওয়ার আবেদন জানান। ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদুজ্জামান আসামি সুজনের এবং মহানগর হাকিম সাজ্জাদুর রহমান আসামি সাইফুলের জবানবন্দি গ্রহণ করেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আদালত সূত্র জানা যায়, দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে আসামিরা জানান, টাকার লোভে তাঁরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহত অধ্যাপকের গাড়িচালক মাসুদ। তিনি তাঁদের জানান, ঘটনার কয়েক দিন আগে ব্যাংক থেকে ১৯ লাখ টাকা তোলেন অধ্যাপক। মাসদু তাঁদের নিয়ে ওই টাকা চুরির পরিকল্পনা করেন এবং চুরিতে নেতৃত্ব দেন। পরিকল্পনা অনুযায়ী পানীয়র সঙ্গে ঘুমের ওষধ মিশিয়ে দিয়ে অধ্যাপককে অচেতন করা হয়। পরে ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করা হয়। গত সোমবার সায়েদ ফকির ও তাঁর ভাই সুজনকে বরিশালের গৌরনদী থানাধীন মাগুরা থেকে গ্রেপ্তার করে র্যা ব। আর ভাষানটেক ইসিবি চত্বর এলাকা থেকে মাস্টারমাইন্ড মাসুদ মল্লিককে গ্রেপ্তার করা হয়।
১১ অক্টোবর ভোরে ডিওএইচএসের ২ নম্বর রোডের একটি বাড়ির চতুর্থ তলায় আলী হোসেন মালিককে হত্যা করে দুর্বত্তরা।