দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মলয় বসু হত্যার দুই আসামি আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে বলা হয়েছে, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য সুপরিকল্পিতভাবে মলয় বসুকে হত্যা করা হয়েছে। ফরিদপুরে মলয় বসু হত্যাকাণ্ডের এক মাস পূরণ হচ্ছে আজ বুধবার। এ হত্যা মামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজন এজাহারভুক্ত। তাঁরা হলেন, বকুল মাতব্বর (৪৫), বেলায়েত হোসেন (২২), মো. মনিরুজ্জামান (২৮) ও ওমর শেখ (৩০)। এজাহারভুক্ত দুই আসামি অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন ১৪ নম্বর আসামি সালথার গোয়ালপাড়া গ্রামের মনিরুজ্জামান ও ১৬ নম্বর আসামি গোয়ালপাড়া গ্রামের মো. বেলায়েত হোসেন।মামলার তদন্তকারী গোয়েন্দা পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু বক্কর প্রথম আলোকে জানান, জবানবন্দিতে বেলায়েত ও মনিরুজ্জামান এ হত্যাকাণ্ডে নিজে অংশ নিয়েছেন বলে স্বীকার করেছেন। বেলায়েত ও মনিরুজ্জামান আরও জানান, গত ইউপি নির্বাচনে বকুল মাতব্বর পরাজিত হওয়ায় ক্ষুব্ধ গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। জেলার চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি তদারকি করছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক।