দুই ইউএনওর গাড়িসহ নয়টি যান ভাঙচুর
জয়পুরহাট শহরে গতকাল বুধবার সন্ধ্যায় সদর ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দুটি সরকারি গাড়িসহ নয়টি যানবাহন ভাঙচুর করেছেন আজ বৃহস্পতিবারের হরতাল-সমর্থনকারীরা। বাম দলগুলোর দাবির (জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করা) পরিপ্রেক্ষিতে ১২টি সমমনা ইসলামি দল আজ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ৮-১০ জন যুবক হাতে লাঠি নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করেন। তাঁরা কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় সদরের ভারপ্রাপ্ত ইউএনও রেজাউল করিম ও ক্ষেতলালের ইউএনও শাহানা আখতার জাহানের দুটি গাড়ি, হানিফ পরিবহনের একটি বাস ভাঙচুর করেন। সদর থানার ওসি আবদুর রশীদ বলেন, দুই ইউএনও পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে, পাবনা সদর উপজেলার ধোপাঘাটা গ্রামে শিবিরের অফিস পোড়ানোকে কেন্দ্র করে গতকাল রাতে জামায়াত-শিবিরের কর্মীরা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। এতে পাবনা সদর থানার এক এসআইসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন।