দুই ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ঙ’ ও ‘চ’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা থেকে শুরু হওয়া ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। অভিযোগ উঠেছে, ছাত্রলীগের একদল কর্মী ‘চ’ ইউনিটের সমন্বয়কারীর কার্যালয় ভাঙচুর করলে ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদে অবস্থিত ‘চ’ ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অপেক্ষমাণ তালিকা থেকে মৌখিক পরীক্ষা চলছিল। বেলা ১১টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী সেখানে গিয়ে ভর্তি কার্যক্রমে অনিয়মের অভিযোগ আনেন এবং সমন্বয়কারীর কক্ষের চেয়ার ভাঙচুর করেন। এ সময় তাঁরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। এরপর তাঁরা বিজ্ঞান অনুষদ ভবনে অবস্থিত ‘ঙ’ ইউনিট সমন্বয়কারীর কক্ষের সামনে গিয়ে হইচই করেন এবং পাশের এক শিক্ষকের কক্ষের পর্দা ছিঁড়ে ফেলেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে রাখেন। পরবর্তী সময়ে প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা অবরোধ তুলে নেন।উপাচার্য এম আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভর্তি কার্যক্রমে কোনো অনিয়ম হয়নি। প্রশাসন ঠিক নিয়মে নিজস্ব গতিতে চলবে।’