দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে আহত শতাধিক
ফরিদপুর ও মাদারীপুর জেলার সীমান্তবর্তী দুটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত পুলিশ কনস্টেবল আলী আকবরকে (২২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কামারখালী গ্রামের আনোয়ার মিয়া (২৫) শুক্রবার বিকেলে পাশের মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দা বাজারে ইমরান হোসেনের (২৪) কম্পিউটারের দোকানে মুঠোফোনে গান ভরতে যান। কিন্তু ইমরান আনোয়ারকে বসিয়ে পরে আসা গ্রাহকদের কাজ করতে থাকলে তিনি এর প্রতিবাদ জানান। এ নিয়ে বচসার একপর্যায়ে ইমরান আনোয়ারকে মারধর করেন।এ ঘটনার জের ধরে শনিবার সকাল ১০টার দিকে পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর, হারিস্তাবাদ, নরেরকান্দা, শ্রীফলতলী ও কাজিকান্দা গ্রাম এবং ঘারুয়া ইউনিয়নের কুমারখালী, লস্করদিয়া ও মাথাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের সহস্রাধিক লোক ঢাল, সড়কি, রামদা ও ইট নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে রাজৈর ও ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়।