দুই ইউপি চেয়ারম্যান পদের ফল বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ও আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের ফল বাতিল করেছে নির্বাচন কমিশন। এই দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে পুনরায় ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদর উদ-দোজা ভূইয়া আজ রোববার মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট না দেওয়াসহ ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ থাকায় ফল বাতিল করা হয়েছে। পুনরায় ভোটগ্রহণের তারিখ পরে জানানো হবে।
চতুর্থ ধাপে ৭ মে আখাউড়ার পাঁচটি ইউপিতে নির্বাচন হয়। নির্বাচনের দিন ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে বিএনপির পাঁচজন, জাতীয় পার্টির তিনজন ও আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জন করেন। পাঁচটি ইউপিতেই নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হন।

এই বিষয়ে ৮ মে প্রথম আলোয় ‘আখাউড়ায় ইউপি নির্বাচন, চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পাননি অনেক ভোটার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের সত্যতা যাচাই করতে নির্বাচন কমিশন সচিবের নির্দেশনায় ৩০ ও ৩১ মে দুই দিন আখাউড়ায় তদন্ত হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মো. শাহেদুন্নবী চৌধুরী তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন। তবে ৫টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ২১ জুন ও সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ ওয়ার্ড সদস্যদের শপথ ২৩ জুন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট না দেওয়াসহ ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ থাকায় আখাউড়া দক্ষিণ ও মনিয়ন্দ ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ আটকে যায়। ২৮ জুন নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) আখাউড়া দক্ষিণ ও মনিয়ন্দ ইউপির চেয়ারম্যান পদের ফলাফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন। পরদিন ২৯ জুন এটি জারি হয়।

আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদর উদ-দোজা ভূইয়া আরও বলেন, চেয়ারম্যান পদে পুনরায় ভোট গ্রহণ করা হবে। আগে যারা প্রার্থী ছিলেন তারাই প্রার্থী থাকবেন। ভোট গ্রহণের দিন ঠিক করার পর এই প্রার্থীরা আবারও প্রচারের জন্য কয়েক দিন সময় পেতে পারেন।