নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক সংখ্যালঘু যুবককে নির্যাতনের অভিযোগে করা মামলায় দুই ইউপি মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বন্দর উপজেলা মিলনায়তনে বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তাঁদের গ্রেপ্তার করে বন্দর থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুউদ্দিন মিয়া ও ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মঞ্জুর হোসেন। তাঁদের দুজনের মধ্যে নুরুউদ্দিন ওই সংখ্যালঘু যুবককে নির্যাতনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। অভিযোগ রয়েছে, এ মামলায় আরও দুজন এজাহারভুক্ত আসামি মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার নবী হোসেন ও ৫ নম্বর ওয়ার্ডের মোতালিব মিয়া রোববার একই সঙ্গে শপথ গ্রহণ করলেও তাঁরা ক্ষমতাসীন মহাজোটের অনুগামী হওয়ায় তাঁদের দুজনকে আটক করা হয়নি। গত ২৯ জুন বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়। বিকেলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান বন্দর উপজেলা পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান ও মেম্বারদের শপথবাক্য পাঠ করান। শপথ শেষে মিলনায়তনের বারান্দা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। শপথ অনুষ্ঠানে পাঁচ ইউনিয়নের মধ্যে চার ইউনিয়নের চেয়ারম্যান শপথ নেন। এর মধ্যে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন গত ২৪ জুলাই এক সড়ক দুর্ঘটনায় মারা যান।বন্দর উপজেলার মুছাপুর এলাকায় প্রেম করে বিয়ে করার অপরাধে সালিসি বৈঠক স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নির্দেশে বাবু চক্রবর্তীর ওপর নির্যাতন চালানো হয়। এ ঘটনায় আনোয়ারসহ তাঁর সহযোগী তিন নবনির্বাচিত মেম্বার নুরুউদ্দিন মিয়া, নবী হোসেন ও মোতালিব মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়।