লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ টাকার চালের সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা পরিবর্তনের দায়ে এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু ইউসুফ গত শনিবার এ সাজা দেন।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, শনিবার লামচরের ডিলার রাজু হোসেনের দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। দোকানে থাকা হতদরিদ্র ব্যক্তিদের তালিকার সঙ্গে উপজেলা পরিষদের অনুমোদিত তালিকার গরমিল পাওয়া যায়। অভিযোগ ওঠে, ডিলারের কাছে দেওয়া তালিকায় ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলম তাঁর স্ত্রী নাজমা বেগমসহ আরও কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করেছেন। ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলামের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। আদালত আলমকে সাত দিনের কারাদণ্ড দেন। রফিকুল ইসলামকে ২০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও বলেন, দুই ইউপি সদস্য উপজেলা পরিষদের অনুমোদিত হতদরিদ্র ব্যক্তিদের তালিকা পরিবর্তন করেছেন। এ কারণে দণ্ড দেওয়া হয়।