দুই ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার বেলা ১১টায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফের তিন সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ।খাগড়াছড়ি সদরের মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চেঙ্গি স্কোয়ার ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক চরণসিং তঞ্চঙ্গ্যা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি উমেশ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক শিখা চাকমা।বক্তারা বলেন, সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীরা একের পর এক ইউপিডিএফ নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে পার্বত্য চট্টগ্রামে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছে। সন্তু লারমা আঞ্চলিক পরিষদের গদিতে বসে এসব হত্যাকাণ্ড চালালেও তাঁর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। বরং জামাই আদর দিয়ে আঞ্চলিক পরিষদের গদিতে বসিয়ে রেখেছে।বক্তারা অবিলম্বে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যার সঙ্গে জড়িত সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে অপসারণের দাবি জানান। বৃহস্পতিবার রাঙামাটির লংগদু উপজেলার হাড়িকাবায় সন্ত্রাসী হামলায় ইউপিডিএফ সদস্য বিদ্যারঞ্জন চাকমা (৪০) ও নবায়ন চাকমা (২৪) প্রাণ হারান।